লামায় আবারো অস্ত্রের মুখে ৮ তামাক শ্রমিককে অপহরণ
বেলাল আহমদ,লামা(বান্দরবান)প্রতিনিধি-বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে অস্ত্রের মুখে ৮ তামাক শ্রমিককে অপহরণের খবর পাওয়া গেছে। সোমবার (৭ এপ্রিল) গভীর রাতে উপজেলার সরই ইউনিয়নের ৯ নং ওয়ার্ড লেমুপালং এলাকার তামাক ক্ষেতের একটি খামার বাড়ি থেকে তাদেরকে অপহরণ করা হয়েছে বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, সরই ইউনিয়নের দুর্গম ৯নং ওয়ার্ড লেমু পালং এলাকার তামাক ক্ষেতের একটি খামার বাড়িতে রাত্রিযাপন করছিল ৮ তামাক শ্রমিক। সোমবার দিবাগত রাত ১টার দিকে একদল অস্ত্রধারী পাহাড়ি সন্ত্রাসী ৮ শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়।
ধারণা করা হচ্ছে, পাহাড়ি অস্ত্রধারী সন্ত্রাসী গ্রুপ মুক্তিপণ আদায়ের জন্য অপহরণ করে থাকতে পারে। এলাকাটি দুর্গম ও মোবাইল নেটওয়ার্কের বাইরে থাকায় অভিযান পরিচালনা করতেও বেগ পেতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীকে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তোফাজ্জল হোসেন বলেন, লামার সরই এলাকা থেকে ৮ তামাক শ্রমিককে অপহরণ করা হয়েছে। ভোরে বিষয়টি জানাজানি হলে পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অপহৃতদের উদ্ধারে যৌথ অভিযান শুরু করেছে।কারা অপহরণ করেছে সে বিষয়ে কিছু জানা যায়নি। অপহৃতদের উদ্ধারে অভিযান চলছে।এখনো অপহৃতদের পরিচয় জানা যায়নি।
প্রসঙ্গত :পুলিশ ও স্থানীয় সূত্র জানাযায়, একটি সশস্ত্র পাহাড়ি সন্ত্রাসী গ্রুপ সম্প্রতি লামার দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে অপহরণ ও চাঁদাবাজিতে লিপ্ত রয়েছে।সর্বশেষ গত ১৬ ফেব্রুয়ারি ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকার ফোরকান ও শাহজাহান, নুরু মোহাম্মদ কোম্পানি, আহসান উল্লাহ কোম্পানি, হুমায়ুন কোম্পানি ও সোনামিয়া কোম্পানি মালিকানাধীন পৃথক পাঁচটি রাবার বাগান থেকে ২৬ জন রাবার শ্রমিককে অপহরণ করে নিয়ে যায় পাহাড়ি সন্ত্রাসী গ্রুপ।
দুদিন পর মুক্তিপণের বিনিময়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে অপহরণ চক্রের বেশ কয়েকজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































